
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। বুধবার (২৮ অক্টোবর) নগরীর মধ্যম আশ্রাফপুর, শাকতলা, নোয়াগাঁও চৌমুহনী ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাকতলা এলাকার ‘জান্নাত হাউজ’ নামের একটি বহুতল ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
অভিযানকালে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় জাঙ্গালিয়াসহ সংশ্লিষ্ট এলাকায় মোট নয়টি ভবন পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে জান্নাত হাউজের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অন্য ভবনগুলোর মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে তা দেখানোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, বিল্ডিং কোড ও নির্ধারিত নিয়মকানুন না মেনে যারা বহুতল ভবন নির্মাণ করছেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিল্ডিং মালিকদের একাধিকবার নোটিশ দেওয়ার পরও বিধি লঙ্ঘন অব্যাহত থাকলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নগরীতে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা, ভবন নির্মাণে বিধিবিধান অনুসরণ এবং জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের সার্ভেয়ার, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নগরীতে অপরিকল্পিত ও নিয়মবহির্ভূত ভবন নির্মাণ নিয়ে উদ্বেগের মধ্যে উন্নয়ন কর্তৃপক্ষের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে ভবন নির্মাণে অনুমোদন ও বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং কার্যকর আইন প্রয়োগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
নিউজডেস্ক//আম্মান












