
কুমিল্লায় দধিতে রঙের গোটা ব্যবহার করে দধি তৈরি, ফলের অতিরিক্ত দাম রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নগরীর রাজগঞ্জের ফলের দোকান ও দেশালীপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

অভিযানে দধি, ফল, মিষ্টি, ডিম, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। এ সময় দধি তৈরিতে রঙের গোটা ব্যবহার, মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়ের ভাউচার দেখাতে না পারার মতো অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে নন্দগুরু দধি ভান্ডারকে ২০ হাজার টাকা, নজরুলের ফল বিতানকে ৩ হাজার টাকা, ছুট্টু মিয়ার ফলের দোকানকে ৩ হাজার টাকা এবং শাহ আলমের ফলের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়
অভিযানে নন্দগুরু দধি ভান্ডারকে আইনের ৪২ ধারায় এবং বাকি তিনটি ফলের দোকানকে ৩৮ ধারায় জরিমানা করা হয়। সব মিলিয়ে চার প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য বজায় রাখতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজডেস্ক//আম্মান










