
রশিদ ছাড়াই ইসিজির টাকা আদায়, ওষুধের স্টকে হাজার হাজার ইউনিটের হিসাবের অসংগতি; কেনাকাটায় বাজারদরের চেয়ে কয়েক গুণ বেশি মূল্য দেখানোর তথ্য
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিয়ে হয়রানি, ইসিজি ও ইকো পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়, সরকারি রাজস্ব আত্মসাৎ, ওষুধের মজুতে গরমিল এবং বিভিন্ন পণ্য কেনাকাটায় অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় দুদক কুমিল্লার একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ইসিজি পরীক্ষার অর্থ আদায়ে রশিদ না দেওয়া, রোগীর প্রকৃত সংখ্যার তুলনায় রেজিস্টারে কম এন্ট্রি, ইকো পরীক্ষায় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়া এবং হাসপাতালের ওষুধের মজুতে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায় বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখানোর তথ্যও উঠে এসেছে।
দুদক সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা। অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করা হয়।
অভিযানে সবচেয়ে বেশি অসংগতি পাওয়া যায় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইসিজি কার্যক্রমে। সেখানে দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান প্রতিটি ইসিজি পরীক্ষার বিপরীতে রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নিলেও নিয়মিত সরকারি রশিদ দিতেন না বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক। ছোট ছোট সাদা কাগজে টোকেনের মাধ্যমে হিসাব রাখা এবং দিন শেষে নিজের সুবিধামতো ৩০ থেকে ৫০ জন রোগীর নামে রেজিস্টারে এন্ট্রি করার তথ্য পাওয়া যায়।
দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করালেও রেজিস্টারে নিয়মিত ৪০ থেকে ৪৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হতো। ফলে বাকি রোগীদের কাছ থেকে আদায় করা অর্থের হিসাব সরকারি রেকর্ডে পাওয়া যায়নি। এ সময় সংশ্লিষ্ট কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রশিদ বই উদ্ধার করা হয়। রোগীদের ইসিজি রিপোর্ট, রেজিস্টার ও রশিদ বই যাচাই করেও অসংগতি শনাক্ত করেন দুদক কর্মকর্তারা।
অন্যদিকে, হাসপাতালের ইকো কার্ডিও রুমে সরকারি নির্ধারিত ২০০ টাকা ফির বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের কর্মকর্তারা দেখতে পান, নির্ধারিত ফির অতিরিক্ত টাকা দেওয়া রোগীদের তাৎক্ষণিক ইকো পরীক্ষা করানো হচ্ছে। অথচ সাধারণ রোগীদের দুই থেকে চার দিন পর পরীক্ষার তারিখ দেওয়া হচ্ছে। এ বিষয়ে রোগীদের বক্তব্যও গ্রহণ করেন কর্মকর্তারা।
হাসপাতালের বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, নিয়মিতভাবে তা হালনাগাদ করা হচ্ছে না। বাস্তব মজুতের সঙ্গে রেজিস্টারের হিসাবেও গরমিল রয়েছে। উদাহরণ হিসেবে মন্টিলুকাস্ট ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ এক হাজার পাতার ঘাটতি শনাক্ত হয়।
হাসপাতালের কেন্দ্রীয় ওষুধ স্টোর পরিদর্শনেও বড় ধরনের অসংগতি পাওয়া যায়। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধের মজুত যাচাই করে রেজিস্টারের সঙ্গে বাস্তব হিসাবের ব্যাপক পার্থক্য দেখতে পান দুদক কর্মকর্তারা। একটি ওষুধের ক্ষেত্রে রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও গণনায় এসকেএফ ব্র্যান্ডের ১৪ হাজার ৩১৮টি এবং বিকন ব্র্যান্ডের ৩ হাজার ২৯১টি পাওয়া যায়। অবশিষ্ট ওষুধের বিষয়ে সংশ্লিষ্ট স্টোর কিপার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ১৯ হাজার ১০০টি। এতে প্রায় এক হাজার ইনজেকশনের ঘাটতি পাওয়া যায়।
অভিযানে আরও দেখা যায়, হাসপাতালের স্টোরে থাকা বিভিন্ন ধরনের ইনজেকশন ও ওষুধের প্যাকেটে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিতকরণ, সিল কিংবা প্রয়োজনীয় নির্দেশনা নেই। এসব বিষয় ওষুধ সরবরাহ, গ্রহণ ও সংরক্ষণ প্রক্রিয়ায় অনিয়মের পাশাপাশি সরকারি ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের আশঙ্কা তৈরি করেছে বলে জানিয়েছে দুদক।
এদিকে, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায়ও অস্বাভাবিক মূল্য দেখানোর তথ্য পেয়েছে দুদক। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা বিভিন্ন পণ্যের চালান ও বাজারমূল্য যাচাই করে এ অসংগতি শনাক্ত করা হয়।
দুদকের তথ্য অনুযায়ী, বাজারে ৬০ টাকা মূল্যের সাবান কেনা হয়েছে ৮৯ টাকা দরে। ১৪০ টাকা মূল্যের ৫০০ মিলিলিটার টয়লেট ক্লিনারের দাম দেখানো হয়েছে ২৪৯ টাকা। ২০০ টাকার ফিনাইল কেনা হয়েছে ৩৯৯ টাকা দরে। ২৫ টাকা মূল্যের টয়লেট টিস্যুর দাম ধরা হয়েছে ৬৯ টাকা এবং ১০০ টাকা বাজারমূল্যের হ্যান্ডওয়াশ কেনা হয়েছে ১৯০ টাকা দরে। একইভাবে ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা, পানির জগসহ বিভিন্ন পণ্য কেনাকাটায়ও বাজারমূল্যের চেয়ে বেশি দাম দেখানোর তথ্য পাওয়া গেছে।
দুদকের প্রাথমিক পর্যবেক্ষণে, এসব পণ্য কেনাকাটায় দেড় থেকে তিন গুণ পর্যন্ত বেশি দাম নির্ধারণের মাধ্যমে সরকারি অর্থের অপচয় কিংবা আত্মসাতের আশঙ্কা রয়েছে।
অভিযান শেষে দুদক জানায়, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব নথি সরবরাহের জন্য সময় চেয়েছেন। প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে।
তবে অভিযানে উঠে আসা এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের দায় নির্ধারণ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজডেস্ক//আম্মান











