১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadশিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন

Comilla-Crime-News-2

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।

বুধবার রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজ-এ ‘অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট’-এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁর প্রাধান্যের তালিকায় প্রথম বিষয় শিক্ষা, দ্বিতীয় বিষয় শিক্ষা এবং তৃতীয় বিষয়ও শিক্ষা।

তিনি বলেন, একটি দেশের উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনও উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। বিশ্বের অনেক দেশে বিপুল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তারা উন্নত হতে পারেনি। আবার কিছু দেশ সীমিত সম্পদ নিয়েও শিক্ষা ও দক্ষ মানবসম্পদের মাধ্যমে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।

ড. মিলন বলেন, বাংলাদেশের বিপুল জনশক্তিকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা এবং ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভ্যালুস ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। পরিবার থেকেই একজন মানুষের প্রকৃত শিক্ষা শুরু হয়।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, এসএসসি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সময়টিই তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

মন্ত্রী বলেন, “একজন অভিভাবকের সবচেয়ে বড় বিনিয়োগ তার সন্তানের শিক্ষা।” তাই শিক্ষার্থীদের পরিবার ও দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সরকার শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থা, উন্নত অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র শিক্ষার্থীদের জন্য যা প্রয়োজন তা নিশ্চিত করার চেষ্টা করছে। এর প্রতিদানে শিক্ষার্থীদেরও দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন, অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং মাসুদুর রহিম।