১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Homeকুমিল্লাদাউদকান্দিসকাল ১১টায়ও মিলল না উপজেলা প্রকৌশলীকে: তালাবদ্ধ অফিস, অনুপস্থিত কর্মকর্তা; দাউদকান্দি এলজিইডিতে প্রশ্নের মুখে জনসেবা

সকাল ১১টায়ও মিলল না উপজেলা প্রকৌশলীকে: তালাবদ্ধ অফিস, অনুপস্থিত কর্মকর্তা; দাউদকান্দি এলজিইডিতে প্রশ্নের মুখে জনসেবা

সরকারি অফিস শুরু হওয়ার ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও ঝুলছে তালা, মিলছে না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দেখা। এমন চিত্র দেখা গেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে।

রবিবার (৭ জুন) সকাল ৯ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অফিসে উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলামকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেবাগ্রহীতাদের অভিযোগ, সরকারি অফিসের নির্ধারিত সময় শুরু হওয়ার অনেক পরেও সংশ্লিষ্ট কর্মকর্তার অনুপস্থিতি এখন যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল, টেন্ডারসংক্রান্ত কাজ, প্রকৌশলগত অনুমোদন এবং জরুরি প্রশাসনিক সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না অনেকেই।

চাকুরির স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মচারী বলেন, স্যার তো আজ সকাল থেকেই অফিসে আসেন নাই, স্যার না আসলেতো রুমের দরজায় তালা দেওয়াই থাকে।

ভুক্তভোগীদের দাবি, ঈদের ছুটির পর থেকে উপজেলা প্রকৌশলীকে নিয়মিত অফিসে দেখা যাচ্ছে না। যার ফলে গুরুত্বপূর্ণ নথিপত্র নিষ্পত্তি থেকে শুরু করে চলমান উন্নয়ন কর্মকাণ্ড পর্যন্ত নানা কাজে স্থবিরতা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হচ্ছে, অথচ মিলছে না কোনো কার্যকর সমাধান।

স্থানীয়দের অভিযোগ, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে চরম উদাসীনতা এবং জবাবদিহিতার অভাবের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তা কীভাবে দিনের পর দিন অনিয়মিতভাবে অফিস করে দায়িত্ব পালন করছেন? সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি এসব বিষয় সম্পর্কে অবগত নন, নাকি দেখেও না দেখার ভান করছেন?

ক্ষুব্ধ সেবাগ্রহীতাদের ভাষ্য, জনগণের করের টাকায় পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে যদি সকাল ১১টায়ও দায়িত্বশীল কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত না হয়, তাহলে সাধারণ মানুষ সেবা পাবে কোথায়? এমন পরিস্থিতি সরকারি সেবাব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট করছে বলেও মনে করছেন তারা।

স্থানীয় সচেতন মহল বলছে, একজন কর্মকর্তার ধারাবাহিক অনুপস্থিতি শুধু প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী নয়, এটি সরকারের উন্নয়ন ও জনসেবামুখী কর্মকাণ্ডকেও প্রশ্নবিদ্ধ করে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি সকালে গিয়েছিলাম এখন সাইডে আছি বলে ফোনটি কেটে দেন, অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলেও তা স্পষ্ট নয়।

এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: মফিজ উদ্দিন মুঠোফোনে বলেন, আপনি বলেছেন আমি শুনেছি সে কোথায় ছিলো এবং কেনো যায়নাই সেই বিষয়টি আমি তারসাথে কথা বলে দেখতেছি।