১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
Homeখেলামুনোজের একমাত্র গোলে নকআউটে কলম্বিয়া

মুনোজের একমাত্র গোলে নকআউটে কলম্বিয়া

Munoz's lone goal sends Colombia into knockout phase

ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি-নাজাউ দীর্ঘ সময় দুর্দান্ত নৈপুণ্যে কলম্বিয়ার আক্রমণ ঠেকিয়ে রাখলেও শেষ পর্যন্ত তার প্রতিরোধ ভেঙে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে কলম্বিয়া। এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি।

ম্যাচের ৭৬তম মিনিটে ড্যানিয়েল মুনোজের একমাত্র গোলে জয় নিশ্চিত হয় কলম্বিয়ার। এই জয়ের ফলে গ্রুপ-‘কে’ থেকে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে তারা। একই সঙ্গে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে দুই পয়েন্ট পিছনে ফেলে শেষ ৩২-এ খেলা নিশ্চিত করেছে কলম্বিয়ানরা।

এর আগে গ্রুপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছিল তারকা সমৃদ্ধ পর্তুগাল। তবে দ্বিতীয় ম্যাচে রোনাল্ডোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নেয় ইউরোপিয়ান দলটি। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল কলম্বিয়া।

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। একের পর এক আক্রমণ চালিয়েও আফ্রিকান দলটির শক্ত রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। শুরুতেই ড্যানিয়েল মুনোজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এরপর কলম্বিয়ার অন্যতম ভরসা হামেস রদ্রিগেজের দুর্দান্ত একটি শট অসাধারণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক এমপাসি-নাজাউ। পরবর্তীতে ইয়োহান মোয়িকা ও লুইস দিয়াজের নেওয়া আরও দুটি শটও দারুণভাবে প্রতিহত করেন তিনি।

তবে প্রথম হাইড্রেশন বিরতির পর কিছুটা ছন্দ হারিয়ে ফেলে কলম্বিয়া। সেই সুযোগে ডিআর কঙ্গো আক্রমণে এগিয়ে এলেও উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে কলম্বিয়া। ৫০তম মিনিটে লুইস দিয়াজের আরেকটি বিপজ্জনক শট পা দিয়ে ঠেকিয়ে দেন এমপাসি-নাজাউ। কিন্তু ম্যাচের ৭৬তম মিনিটে আর রক্ষা হয়নি। ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজের ডিফ্লেকটেড শট জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় কলম্বিয়া।

এক গোল পিছিয়ে পড়ার পরও ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় ডিআর কঙ্গো। তবে কলম্বিয়ার রক্ষণ ভেদ করে সমতা ফেরাতে ব্যর্থ হয় তারা।

২০২২ সালের কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা কলম্বিয়া এবার দারুণ প্রত্যাবর্তন করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার মিয়ামিতে পর্তুগালের মুখোমুখি হবে তারা। একই দিনে আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ডিআর কঙ্গো।

এদিকে ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়া আফ্রিকান দল ডিআর কঙ্গোর সামনে এখনও শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা রয়েছে। শেষ ম্যাচে ভালো ফল করতে পারলে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।