১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadসাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, চাহিদা কমায় আন্তর্জাতিক বাজারে বড় দরপতন

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, চাহিদা কমায় আন্তর্জাতিক বাজারে বড় দরপতন

gold

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বুধবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়, যা ২০২৫ সালের নভেম্বরের পর এই প্রথম। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কঠোর মুদ্রানীতির সম্ভাবনা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা হ্রাস পেয়েছে। এর ফলে মূল্যবান ধাতুটির ওপর উল্লেখযোগ্য মূল্যচাপ তৈরি হয়েছে।

বুধবার দিনের ব্যবধানে স্বর্ণের দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স প্রায় ৩ হাজার ৯৭৪ দশমিক ৬০ ডলারে নেমে আসে। এর মধ্য দিয়ে স্বর্ণের দাম প্রায় সাত মাসের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) সর্বশেষ নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখলেও ভবিষ্যতে সুদের হার বাড়ানোর পক্ষে সমর্থন বাড়ছে বলে ইঙ্গিত দিয়েছে। একই সঙ্গে ফেডের নতুন চেয়ারম্যান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফলে দীর্ঘ সময় ধরে কঠোর মুদ্রানীতি বহাল থাকার প্রত্যাশা আরও জোরদার হয়েছে।

বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়ার সম্ভাবনা সাধারণত স্বর্ণবাজারের জন্য নেতিবাচক সংকেত হিসেবে কাজ করে। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না। ফলে উচ্চ সুদের পরিবেশে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে সুদভিত্তিক সম্পদের প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী শান্তি চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতিও স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করেছে। দুই দেশের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমেছে এবং বৈশ্বিক বাজারে ঝুঁকির মাত্রা হ্রাস পেয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

একই সময়ে মার্কিন প্রযুক্তি খাতের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, কিছু বিনিয়োগকারী অন্যান্য খাতে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে স্বর্ণ বিক্রি করেছেন। এতে স্বর্ণের মূল্যপতন আরও ত্বরান্বিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনগুলোতে সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশা, ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।