১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Contribute News কনভার্টার

১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
HomeSecond leadদুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

India introduces tourist visa for Bangladeshis after two yearsIndia introduces tourist visa for Bangladeshis after two years

প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যত বন্ধ থাকা এ ভিসা কার্যক্রম আগামী ২৮ জুন থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা কেন্দ্র থেকে এ সেবা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য ভিসা কেন্দ্রও চালু করা হবে।

উল্লেখ্য, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহেই ভারতে দেশটির নাগরিকদের জন্য স্থগিত থাকা ভিসা কার্যক্রম পুনরায় চালু করে বাংলাদেশ। তবে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এতদিন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

কূটনৈতিক সূত্রগুলো দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল, নিরাপত্তাজনিত উদ্বেগ, জনবল সংকট এবং প্রশাসনিক জটিলতার কারণে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা প্রদান সীমিত করে ভারত। এর মধ্যে পর্যটন ভিসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর প্রায় দুই বছর ধরে বাংলাদেশিদের অন্যতম কাঙ্ক্ষিত এ ভিসা সেবা বন্ধ ছিল।

এর আগে গত ১২ জুন বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোল স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ট্যুরিস্ট ভিসা প্রসঙ্গে আশাবাদী বক্তব্য দেন।

তিনি বলেন, “আমরা মিলে-মিশে ভিসা সমস্যার সমাধান করবো। শুধু আমাদের অভিন্ন সীমান্তই নয়, অভিন্ন স্বপ্নও রয়েছে। আমাদের আকাশ এক, বাতাস এক, আর অনেক চ্যালেঞ্জও অভিন্ন। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।”

হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেন, “আমার একমাত্র অগ্রাধিকার বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাই-বোন। আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। প্রয়োজন শুধু ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা। তাহলেই সব সমস্যার সমাধান সম্ভব।”

দীনেশ ত্রিবেদীর এসব বক্তব্যের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছিল। অবশেষে ২৮ জুন থেকে ভিসা কার্যক্রম পুনরায় চালুর ঘোষণার মাধ্যমে সেই প্রত্যাশার বাস্তবায়ন হতে যাচ্ছে।