
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২৮ জুন) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন আদেশ অনুযায়ী, রেজা হাসান সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে তার পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল। পরে ২১ জুন তাকে প্রত্যাহারের পরদিন (২২ জুন) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।
সারওয়ার আলমকে প্রত্যাহারের ঘটনাটি সিলেটসহ সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তাকে ‘জনতার ডিসি’ দাবি করে পুনর্বহালের দাবিতে সরব হন সিলেটের সাধারণ মানুষসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন।
এ দাবিতে সিলেটে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়। বিভিন্ন কর্মসূচি থেকে সারওয়ার আলমকে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়।
তবে শেষ পর্যন্ত সারওয়ার আলমকে পুনর্বহাল করা হয়নি। বরং প্রত্যাহারের এক সপ্তাহের মাথায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক রেজা হাসানই এখন সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।









