
কুমিল্লা জেলায় প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রোজী আক্তার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
রোজী আক্তারের এ নিয়োগের মাধ্যমে কুমিল্লা জেলার প্রশাসনিক ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক দায়িত্ব নিতে যাচ্ছেন। বিষয়টি প্রশাসনিক অঙ্গনসহ জেলার বিভিন্ন মহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে শিগগিরই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রমের তদারকি, ভূমি প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
অন্যদিকে, কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রশাসনিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কুমিল্লায় দায়িত্ব পালনকালে তাঁর প্রশাসনিক কর্মকাণ্ডের জন্যও বিভিন্ন মহলে ইতিবাচক মূল্যায়ন রয়েছে।









