
নগরীর দীর্ঘদিনের যানজট নিরসনে মোগলটুলি-রাজগঞ্জ সড়কে অবৈধ সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।
বুধবার (১৫ জুলাই) বিকেলে নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন কুসিকের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালে সড়ক দখল করে অবৈধভাবে যানবাহন পার্কিং ও সিএনজি স্ট্যান্ড স্থাপনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
কুসিক সূত্র জানায়, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ পার্কিং ও স্ট্যান্ডের কারণে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যার ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে নগরবাসীকে স্বস্তি দিতে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং একটি যানজটমুক্ত কুমিল্লা গড়ে তুলতে অবৈধ দখল ও সড়কে যানবাহনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন , নগরের বিভিন্ন এলাকায় অবৈধ স্ট্যান্ড ও সড়ক দখলের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে, যাতে নগরবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে।









