
কুমিল্লা প্রতিনিধী
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুমিল্লা জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
পরিদর্শনকালে ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানজট নিরসন এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।










