
কুমিল্লা নগরীর স্টেশন রোডে উচ্চ আদালতের রায়ের পর জেলা পরিষদের উচ্ছেদ অভিযান। উচ্ছেদ করা হয়েছে ২৩টি দোকান, দখলমুক্ত হয়েছে দীর্ঘদিন বেদখলে থাকা মূল্যবান জমি
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর ব্যস্ততম স্টেশন রোড এলাকায় দীর্ঘ ৩৩ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৩০ শতক জমি উদ্ধার করেছে কুমিল্লা জেলা পরিষদ। উচ্চ আদালতের রায়ের পর উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটির দখল বুঝে নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে পরিচালিত এ অভিযানে জমির ওপর অবৈধভাবে নির্মিত প্রায় ২৩টি দোকান উচ্ছেদ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে উদ্ধার করা জমিতে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে জমির দখল বুঝে নেয় জেলা পরিষদ।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নগরীর বিষ্ণুপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. জিয়াউল ইসলাম দীর্ঘ ৩৩ বছর ধরে জেলা পরিষদের মালিকানাধীন ওই ৩০ শতক জমি অবৈধভাবে দখলে রেখেছিলেন। জমিতে প্রায় ২৩টি দোকান নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া হয়েছিল। এসব দোকান থেকে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করা হচ্ছিল। জমির মালিকানা ও দখল নিয়ে জেলা পরিষদের সঙ্গে জিয়াউল ইসলামের দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলছিল।
সর্বশেষ গত ১০ নভেম্বর উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন। আদালতের ওই রায়ের পরিপ্রেক্ষিতে সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে জমিটির নিয়ন্ত্রণ নেয় জেলা পরিষদ।
এদিকে উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা জানান, জিয়াউল ইসলাম সরকারি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার মাধ্যমে দীর্ঘদিন ধরে অর্থ উপার্জন করেছেন। তবে উচ্ছেদ অভিযানের কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হঠাৎ দোকান উচ্ছেদ হওয়ায় তাঁদের ব্যবসা-বাণিজ্য নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, উদ্ধার করা জায়গায় ব্যবসায়ীদের জন্য নতুন করে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবন নির্মাণের পর নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের মধ্যে দোকান লিজ দেওয়া হবে।
দীর্ঘ ৩৩ বছর ধরে বেদখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধারের মধ্য দিয়ে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ এই জমি পুনরুদ্ধার হলো। এখন জমিটি পরিকল্পিতভাবে ব্যবহার ও সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজডেস্ক//আম্মান









