
এমপি মনিরুল হক চৌধুরীর উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে জন্মদিনের কর্মসূচি পালন
নিজস্ব প্রতিবেদন।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লায় শুভেচ্ছা র্যালি, কেক কাটা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর কুমিল্লা মহানগরীর বিএনপির দলীয় কার্যালয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা র্যালি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নবগঠিত কুমিল্লা ওয়াসা বোর্ডের প্রথম চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ (ওয়াসিম), কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, অ্যাডভোকেট আক্তার হোসেন, খলিলুর রহমান খলিল, শফিউল আলম রায়হানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নিউজডেস্ক//আম্মান










