
ডেঙ্গু প্রতিরোধে অর্ধশত পরিবারে মশারি ও স্কুলছাত্রীদের মাঝে স্যানিটারি সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক।।
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কুমিল্লায় সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে ইনার হুইল ক্লাব অব বুড়িগঙ্গা ঢাকা। সংগঠনটির উদ্যোগে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কে এম তাহবীর আরহাদকে একটি ইলেকট্রিক হুইলচেয়ার প্রদান করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে অর্ধশত পরিবারের মাঝে মশারি এবং স্কুলছাত্রীদের মাঝে স্যানিটারি হ্যান্ড টাওয়াল বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কুমিল্লা প্রেসক্লাবে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব বুড়িগঙ্গা ঢাকার সভাপতি কাজী নাসরিন আনামের সভাপতিত্বে এবং শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি কাজী জেসমিন কবির, সাংগঠনিক সম্পাদক সাবিনা আফরোজ, নির্বাহী সদস্য দীনা জেসমিন ও শিল্পী বেগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের কুমিল্লা জেলা প্রতিনিধি সাদিক হোসেন মামুন এবং আলোকিত বজ্রপুরের সংগঠক মো. রফিকুল ইসলাম সোহেল।
বক্তারা বলেন, ইনার হুইল ক্লাব অব বুড়িগঙ্গা ঢাকা নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কে এম তাহবীর আরহাদের হাতে একটি ইলেকট্রিক হুইলচেয়ার তুলে দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর চলাচল সহজ করার পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তারা আরও বলেন, বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে অর্ধশত পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্কুলছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্যানিটারি হ্যান্ড টাওয়াল বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় শিক্ষার্থী তাহবীর আরহাদের বাবা আবেগাপ্লুত হয়ে বলেন, অপ্রত্যাশিতভাবে ভালো কিছু পেলে আনন্দটা অন্যরকম হয়। সন্তানের জন্য এমন একটি মূল্যবান উপহার পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এ মানবিক উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে উপস্থিত ব্যক্তিরা সাধুবাদ জানান।
নিউজডেস্ক//আম্মান










